আস্থা ফেরাতে নতুন পণ্য চালুর আহ্বান ডিএসইর

আপডেট : ২০ মে ২০২০, ০২:৪৭ এএম

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারে নতুন পণ্য চালুর আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গতকাল শুভেচ্ছা জানাতে গিয়ে ডিএসইর প্রতিনিধিদল এ আহ্বান জানায়। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ছানাউল হকের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান।

এ সময় ডিএসইর পক্ষ থেকে বলা হয়, বাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজারে নতুন নতুন পণ্য চালু করতে সবাই একসঙ্গে কাজ করে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব। এসইসির নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম শিগগির ডিএসই পর্ষদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করেন।

ডিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার ডিএসই পর্ষদের পক্ষে চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বিএসইসির নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় ডিএসইর চেয়ারম্যান বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ এ মর্যাদাপূর্ণ পদে আপনার নিয়োগ, নিঃসন্দেহে আপনার সম্ভাব্যতা ও দক্ষতা নিয়ে সরকারের যে আস্থা রয়েছে তারই বহিঃপ্রকাশ। আপনার সফল নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিকনির্দেশনায় পুঁজিবাজার আগামীতে আরও বেশি উচ্চতা এবং সাফল্য অর্জন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত