রাজ্যের অভিযোগ দিয়ে ট্রাম্পের আলটিমেটাম এবং তহবিল বন্ধের হুমকির পরও বিশ্বে করোনাভাইরাস মোকাবিলার লড়াইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নেতৃত্ব দিয়ে যাবে বলে অঙ্গীকার করেছেন সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। এছাড়া প্রায় সব সদস্যদেশ ডব্লিউএইচওর নেতৃত্বস্থানীয় ভূমিকাকে সমর্থন জানিয়েছে, প্রকাশ করেছে সংহতি। গতকাল মঙ্গলবার সংস্থাটির প্রধান আধানম এ জন্য তাদের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।
সংস্থার পক্ষ সমর্থনে ১৯৪টি সদস্যদেশের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আধানম বলেন, আমরা যে কারও চেয়ে অনেক বেশি জবাবদিহিতা চাই। করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাপী সমন্বয় করে কাজ করার জন্য আমরা নেতৃত্ব দিয়ে যাব। সদস্যদেশগুলোও বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় ডব্লিউএইচওর কেন্দ্রীয় নেতৃত্বকে সমর্থন দিয়ে করোনাভাইরাস মোকাবিলায় এ সংস্থাটির নেতৃত্বে বৈশ্বিক তৎপরতার বিষয়টি তদন্ত করে দেখার প্রস্তাবনায় সায় দিয়েছে।
ডব্লিউএইচও প্রধান বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করবেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নসহ অন্য আরও কিছু দেশ করোনাভাইরাস ছড়িয়ে পড়া এবং এটি মোকাবিলার পদক্ষেপ খতিয়ে দেখার ওই প্রস্তাব দেয়। চীনও গত সোমবার তাতে সমর্থন দিয়েছে।
ওদিকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) ট্রাম্পের অবিরাম সমালোচনার মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থনে পাশে দাঁড়ানোর জন্য সব দেশকে আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, এখন সংহতির সময়। কারও দিকে আঙুল তোলা কিংবা বিভিন্ন দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ক্ষুণœ করার সময় এটি নয়।
