সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তার ঘোষণা তথ্যমন্ত্রীর

আপডেট : ২০ মে ২০২০, ০৭:১৮ এএম

করোনা পরিস্থিতে সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘সাংবাদিকদের আর্থিক সহায়তার বিষয়টি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে একটি বিশেষ তহবিল থেকে সাংবাদিকদের সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা এই সহায়তা পাবেন সেটি নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি।’

গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ১৬তম সভাশেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। সভায় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও তথ্য সচিব কামরুন নাহার, ট্রাস্টের সদস্য সচিব ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতিতে দেশের নানা পেশার মানুষের মতো বহু সাংবাদিকও অসুবিধায় পড়েছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা সম্প্রতি চাকরিচ্যুত হয়েছেন, গত ৬ মাস ধরে যারা বেকার আছেন, আবার যাদের চাকরি আছে, কিন্তু দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না তারা এককালীন জনপ্রতি ১০ হাজার টাকা সহায়তার আওতায় আসবেন।’

মন্ত্রী বলেন, ‘দলমত নির্বিশেষে সারা দেশে করোনা সংকটে পড়া সাংবাদিকরা এ সহায়তার আওতায় আসবেন। নির্ধারিত ক্রাইটেরিয়া অনুযায়ী কারা সহায়তা পাবেন সেটি সাংবাদিক নেতারা এবং ইউনিয়ন ঠিক করবে।’

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই ২০১৪ সালে এই কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১১৬৭ জন সাংবাদিক এই কল্যাণ ট্রাস্ট থেকে ৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা সহায়তা পেয়েছেন। ট্রাস্ট প্রতিষ্ঠার আগেও ২০১১ থেকে ২০১৪ সালের শেষ পর্যন্ত ৬২৩ জন সাংবাদিককে ৩ কোটি ৮০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছিল।’

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর দুস্থ, অসহায়, অসুস্থ সাংবাদিকদের যে সহায়তা দেওয়া হয়, তা অব্যাহত আছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন গত বছর সেই খাতে ১ কোটি ৯৭ লাখ টাকা সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয়েছিল। আজকের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই খাতে এ বছর ২ কোটি টাকা দেওয়া হবে। করোনা মহামারীর এ সময় বাংলাদেশের সাংবাদিক ভাইবোনেরা সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন ও ইতিমধ্যেই শতাধিক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত এবং তিনজন মারা গেছেন উল্লেখ করে মন্ত্রী প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সঠিক সংবাদ মানুষের কাছে পৌঁছার জন্য তারা এই দুর্যোগ, প্রতিকূলতা ও আক্রান্ত হওয়ার সম্ভাবনার মধ্যেও কাজ করছেন। এজন্য সব সাংবাদিককে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যের মধ্যে সভায় অংশ নেন প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) এস এম মাহফুজুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক মো. কাশেম হুমায়ুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত