সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইতি আক্তার (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া নতুন বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
সে হোরদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের বিপ্লব হোসেনের মেয়ে।
এ ঘটনার ৬ ঘণ্টা পর জেলেদের মাছ ধরা জালের সাথে পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা জানান, ইতি সাঁতার জানে। তারপরেও এদিন দুপুরে ইতি ভাটপাড়া নতুন বাজার সংলগ্ন যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় না। বিকেলে জেলেদের মাছ মারা জালে পেঁচানো অবস্থায় তার মরদেহ ভেসে উঠলে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যরা লাশ নিয়ে দাফন সম্পন্ন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
