মার্কিন নির্বাচনে ভিনদেশি হস্তক্ষেপ প্রতিরোধে ‘আত্মবিশ্বাসী’ জাকারবার্গ

আপডেট : ২১ মে ২০২০, ০৬:১৯ পিএম

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অনলাইনে ভিনদেশি হস্তক্ষেপ প্রতিরোধের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জাকারবার্গ বলেছেন, ‘২০১৬ সালের নির্বাচনের অভিজ্ঞতায় এখন আমরা আরও বেশি প্রস্তুত।’

‘বিভিন্ন দেশ হস্তক্ষেপের চেষ্টা করে যাচ্ছে। বিষয়গুলো আমরা দেখছি। ২০১৬ সালে যা শিখেছি তাতে আমি আসন্ন নির্বাচনের স্বচ্ছতা রক্ষা করতে মোটামুটি আত্মবিশ্বাসী।’

জাকারবার্গ বলেন, ‘আমরা চাই না অন্য সরকার নভেম্বরের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করুক। এটি যাতে না হয় সে জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা আমাদের কর্তব্য।’

আগের নির্বাচনে ট্রাম্পকে সাহায্য করার বিষয়ে ফেইসবুকের বিরুদ্ধে অভিযোগ পুরোনো। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে নানা ধরনের ভুল তথ্য ছড়িয়েছিল।

২০১৭ সালে সিনেটে জাকারবার্গ স্বীকার করেন, ২০১৬ সালের নির্বাচনের সময় রাশিয়া-সমর্থিত অনেক কনটেন্ট প্রায় ১২৬ মিলিয়ন আমেরিকানের কাছে পৌঁছায়।

তখন তিনি জানান, প্রায় ১২০টি ভুয়া পেজ থেকে ওই সময় ৮০ হাজার পোস্ট করা হয়।

এসব অভিযোগ নিয়ে গত কয়েক বছরে ফেইসবুককে বেশ ভুগতে হয়েছে। ভুয়া পোস্ট সরাতে সম্প্রতি কোম্পানিটি একটি তদারকি বোর্ড গঠন করেছে। জাকারবার্গ না চাইলেও বোর্ড সিদ্ধান্ত নিলে ফেইসবুক যে কোনো কনটেন্ট সরাতে বাধ্য থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত