ত্রাণ নিয়ে সালমান খান ‘আসছেন’…। বুধবার বিকেল থেকে ভারতের মহারাষ্ট্রের ভূবন্দিতে এই গুজব ছড়িয়ে পড়ে। তাতে লকডাউন ভেঙে রাস্তায় নেমে পড়েন শত-শত মানুষ। সন্ধ্যা পেরিয়ে যখন রাত নামে, তখন তারা বুঝতে পারেন ‘ভাইজান’ আসছেন না।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এদিন সন্ধ্যায় সংখ্যালঘু অধ্যুষিত খানদুপদা এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশের অনুরোধ সত্ত্বেও অনেক রাত পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকেন কয়েক শ রোজাদার।
পুলিশ বলছে, হঠাৎ করে দাবানলের মতো গুজবটি ছড়িয়ে পড়ে। একে তো করোনার চিন্তা, তার ভেতর এমন সমাগমে তারা রীতিমতো দিশেহারা সময় পার করেছেন।
পরে মাইকিং করে তাদের বলা হয়, ‘এই সময় কোনো তারকার আসার শিডিউল নয়। সবাই বাড়ি ফিরে যান।’
কীভাবে গুজবটি ছড়ালো তা জানতে তদন্তে নামার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন তারা।
সালমান খান মার্চের মাঝামাঝি থেকে মহারাষ্ট্রের রাইগাড জেলার পানভেল এলাকার খামারবাড়িতে আছেন। সেখানে তাকে সঙ্গ দিচ্ছেন বিশেষ বন্ধু ইউলিয়া, অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এবং বোন অর্পিতাসহ পরিবারের সদস্য ও কয়েকজন বন্ধু।
সেখান থেকে সম্প্রতি মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়ে মা-বাবাকে দেখে আসেন।
