ঝড়ে মাটিতে পড়ে যাওয়া শতাধিক পাখি রান্না করে খেল গ্রামবাসী

আপডেট : ২১ মে ২০২০, ১১:১৯ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানের ঝোড়ো হাওয়ায় মাটিতে আছড়ে পড়া শতাধিক অসহায় শামুকখোল পাখি ধরে নিয়ে রান্না করে খেয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে বাতাসের তোড়ে গাছের ডালে থাকতে না পেরে পাখিগুলি মাটিতে পড়ে গেলে গ্রামবাসী ভোরে সেগুলো ধরে নিয়ে জবাই করে রান্না করে খায়।

বাজিতপুর গ্রামের আদেশ আলী বলেন, তিন-চার মাস ধরে গ্রামের বটতলা মোড়ের পাশের তিনটি শিমুল গাছে শতাধিক শামুকখোল পাখি আশ্রয় নেয়। দিনের বেলায় পাখিগুলো আশপাশের বিলে খাবার খেয়ে রাতে এসব গাছে এসে থাকত। এর মাঝে অনেকেই পাখিগুলো শিকার করার চেষ্টা করলেও গ্রামের কিছু সচেতন মানুষের বাধার কারণে তাদের চেষ্টা সফল হয়নি। কিন্তু ঝড়ের সুযোগে কিছু লোভী মানুষের কারণে শেষ রক্ষা হলো না।

স্থানীয় তরুণ উদ্যোক্তা সিরাজুল ইসলাম জানান, তিনি নিজেসহ গ্রামের অনেকেই এসব অতিথি পাখির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এতে বিভিন্ন গ্রাম থেকে পাখিপ্রেমী লোকজন এগুলো দেখার জন্য আসত। কিন্তু ঘূর্ণিঝড় আম্পান সব শেষ করে দিল।

বাজিতপুর গ্রামের বাসিন্দা সাইফুল হোসেন বলেন, পাখিগুলোর প্রতিটি ২-৩ কেজি করে ওজন ছিল। পাখিগুলোর প্রতি গ্রামের কিছু লোকের আগে থেকেই লোভ ছিল। ঝড়ের সময় মানুষ যখন নিজেদের জানমাল নিয়ে ব্যস্ত তখন ওই সব লোকজন পাখিগুলো ধরে নিয়ে জবাই করে খাওয়াতে ব্যস্ত ছিল।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, বাজিতপুরে গ্রামে অতিথি পাখি শামুকখোল থাকার বিষয়টি জানা ছিল না। আগামীতে এ রকম ঘটনা যেন আর না ঘটে সে জন্য ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত