জামালপুরে করোনায় পরিবহন শ্রমিকের মৃত্যু, নতুন আক্রান্ত ১২

আপডেট : ২২ মে ২০২০, ০১:২৯ এএম

করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় জামালপুরের মেলান্দহের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসেলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ জনে।

এদিকে জেলায় নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। জামালপুরে এনিয়ে মোট ১৬৯ জনের করোনা শনাক্ত হলো।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, গত মঙ্গলবার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ৫৩ বছর বয়সী এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। বুধবার তাকে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিনই ময়মনসিংহ এসকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। তার লাশ জামালপুরে মেলান্দহে আনার প্রক্রিয়া চলছে। আইইডিসিআর এর নিয়ম মেনে তার লাশ দাফন করা হবে।

এদিকে বৃহস্পতিবার জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় সদরের ৪ ও মেলান্দহের ৮ জন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরের একজন চিকিৎসক রয়েছেন।

জামালপুরে এখন পর্যন্ত সদরে ৫০, মেলান্দহে ৪৬, ইসলামপুরে ২৬, মাদারগঞ্জে ১৩, সরিষাবাড়িতে ১৩, বকশীগঞ্জে ১২, দেওয়ানগঞ্জে ৯ জনসহ মোট ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় সুস্থ হয়েছে মোট ৮৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত