সুজনের কথায় গাইলেন শাওন গানওয়ালা

আপডেট : ২২ মে ২০২০, ০৩:৪৬ পিএম

আর মাত্র ২দিন পরেই ঈদ। গেল বছরগুলোতে রোজার মাঝামাঝি সময় থেকেই মিডিয়াতে পড়ে যেতো সাজ সাজ রব। জনপ্রিয়, উদীয়মান শিল্পীদের নতুন নতুন গান প্রকাশের মধ্য দিয়ে জমে উঠত ঈদের বাজার। এবার করোনা ভাইরাসের প্রভাবের কারণে একেবারে ভিন্নভাবেই পালিত হতে যাচ্ছে ঈদ। এর মধ্যেই বেশ কিছু প্রযোজনা সংস্থা দর্শক-শ্রোতাদের কথা মাথায় রেখে প্রকাশ করছেন নতুন নতুন গান। তারই ধারাবাহিকতায় প্রযোজনা সংস্থা রূপকথা মিউজিক এর ব্যানারে চাঁদ রাতে মুক্ত হতে যাচ্ছে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় শিল্পী শাওন গানওয়ালার নতুন গান ‘ঈদ মোবারক ঈদ।’ এনামুল কবির সুজন এর কথায় ‘ঈদ মোবারক ঈদ’ শিরোনামের এই গানটির সুর সংগীত করেছেন ইশরাক হোসাইন।

নিজের এই নতুন গান নিয়ে শাওন গানওয়ালা বললেন, ‘ছোটবেলা থেকেই ঈদ মানেই আনন্দ -এটাই বুঝে এসেছি, দেখে এসেছি। কিন্তু এবার যে ঈদ হতে যাচ্ছে তা কোনো দিন কল্পনাও করিনি। স্রষ্টার কাছে প্রার্থনা আমাদের সেই সেই চিরচেনা ঈদ আবার ফিরে আসুক আমাদের জীবনে। যাই হোক সুজন ভাইয়ের কথায় ইশরাক হোসাইনের সুর ও সংগীতে চাঁদ রাতের জন্যই গানটি গাওয়া। আশা করছি এই পরিবেশে আমার এই গাওয়া গানটি খানিক সময়ের জন্য হলেও সবার মনে ঈদের আমেজ ছড়িয়ে দিতে পারবে।’

গানটির প্রযোজনা সংস্থা রূপকথা মিউজিকের কর্ণধার ও গানটির গীতিকার এনামুল কবির সুজন বললেন, ‘করোনাকালীন এই বিভীষিকাময় সময়ে ঈদের সময়টা একটু ভালো লাগার সঙ্গে যেন কাটে সে কারণেই আমাদের এই প্রয়াস। আমরা আশা করছি গানটি সবাইকে খানিকটা সময় হলেও স্বস্তি প্রদান করবে।’ গানটি চাঁদ রাতে রূপকথা মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত