আন্তর্জাতিক ক্রিকেটের নবীনতম সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২০ সালের আসর আনুষ্ঠানিকভাবে স্থগিত হতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া। সামনের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে আসরটি হওয়ার কথা ছিল।
আইসিসি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সামনের সপ্তাহে আসর স্থগিতের বিষয়ে ঘোষণা দেয়া হবে।
আসরটি স্থগিত হলে ঠিক কখন শুরু হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে আয়োজক দেশ অস্ট্রেলিয়া এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি।
সামনের বছর ফেব্রুয়ারি/মার্চে টুর্নামেন্টটি আয়োজন করতে আপত্তি নেই অস্ট্রেলিয়ার। সেটি যদি হয় তাতে আবার এপ্রিলের আইপিএল এবং ইংল্যান্ডের ভারত সফর নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এ বিষয়গুলো বিবেচনা করে বিশ্বকাপ আরও পিছিয়ে যায় কি না, সেটি নিয়েই শঙ্কা।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ভবিষ্যতের এই আলোচনায় যাওয়ার আগে চলতি মাসের শেষ দিকেই বিশ্বকাপ ‘সাময়িক স্থগিতের’ কথা জানানো হবে।
মে মাসের ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে আইসিসির সদস্য দেশগুলোর টেলিকনফারেন্সে বসার কথা। ঘোষণাটা আসতে পারে সেখান থেকেই।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় পর্দা ওঠার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। পরিকল্পনা অনুযায়ী, সাতটি ভেন্যুতে ম্যাচগুলো হতো। কিন্তু নভেল করোনাভাইরাস (কভিড-১৯) জল ঢেলে দিচ্ছে সব আয়োজনে।
