কখনো ভাবিনি বাংলাদেশের অধিনায়ক হবো: জামাল ভূঁইয়া

আপডেট : ২২ মে ২০২০, ০৯:৩৯ পিএম

বাবা ডেনমার্কে স্থায়ী হয়েছেন অনেক বছর আগে। জামাল ভূঁইয়ার জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। তবে নাড়ির টানে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে ২০১৩ সালে ছুটে এসেছিলেন এই মিডফিল্ডার। বাবার দেশের হয়ে খেলার স্বপ্ন সব সময়ই দেখতেন জামাল। তবে একদিন যে অধিনায়ক হবেন শুরুর সময়ে এমনটা ভাবেননি এই প্রবাসী ফুটবলার।

শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেইসবুক পেজে লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন জামাল। করোনার এই সময়ে পরিবারের সঙ্গে ডেনমার্কে অবস্থান করছেন। সেখান থেকেই যোগ দেন লাইভে।

এই মুহূর্তে লাল-সবুজের ফুটবলের অধিনায়কই শুধু নন, দেশের ফুটবলের পোস্টার বয় জামাল ভূঁইয়া। আড্ডার শুরুতেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে কথা বলেন এই তারকা।

এসময় ৩০ বছর বয়সী বলেন, ‘ছোট বেলায় যখন আমি কোপেনহেগেনে খেলি, আমি কখনো ভাবিনি একদিন বাংলাদেশ দলের অধিনায়ক হবো। তবে সব সময় চিন্তা করেছি একদিন আমি বাংলাদেশে খেলবো…। এখন আমি সত্যিই গর্বিত।’

বাংলাদেশের হয়ে প্রথম মাঠে নামার অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘যখন প্রথম খেললাম, জাতীয় সংগীত বেজে উঠল। আমার সোনার বাংলা/আমি তোমায় ভালোবাসি… গাইছিল সবাই। আমার রোম দাঁড়িয়ে গিয়েছিল। নিজেকে খুব সুখী এবং ভাগ্যবান অনুভব করেছিলাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত