বাড়িতে থাকুন, একটু কষ্ট করুন: খালেদা জিয়া

আপডেট : ২৫ মে ২০২০, ১০:৪৭ পিএম

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় ‘দেশবাসীকে ঘরে থাকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিধি মেনে চলার’ আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার ঈদের দিন রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বার্তা সাংবাদিকদের জানান।

মির্জা ফখরুল বলেন, আপনাদের মাধ্যমে উনি (খালেদা জিয়া) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই যে মহাসংকট করোনাভাইরাস মহামারী সমস্ত স্বাস্থ্যবিধি মেনে মোকাবিলা করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশবাসীর প্রতিও তিনি আহবান জানিয়েছেন যে, বাড়িতে থাকুন, একটু কষ্ট করুন। বাড়িতে থেকেই এই সংক্রামণকে প্রতিরোধ করতে হবে-একথা তিনি বার বার বলেছেন। তিনি আহবান জানিয়েছেন, জনগণ যেন ঘরে থাকে এবং এই মহামারিকে প্রতিরোধ করবার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বিধান তা যেন তারা মেনে চলেন।
তিনি বলেন, সেই সঙ্গে তিনি সন্তুষ্টিও প্রকাশ করেছেন যে, এত প্রতিকূল অবস্থার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছেন।

রাত সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত গুলশানে ‘ফিরোজা‘য় দোতলায় বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন খালেদা জিয়া।

সামাজিক দূরত্ব বজায় রেখে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের সাজা স্থগিত করে মুক্ত হওয়ার পর স্থায়ী কমিটির সদস্যদের দলীয় প্রধানের সাথে এটি প্রথম সাক্ষাৎ।

মির্জা ফখরুল বলেন, এই চরম একটা সংকটের সময়ে যখন আপনার সামাজিক দূরত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মধ্যেও উনি (খালেদা জিয়া) আমাদের সময় দিয়েছিলেন। আমরা পুরোপুরি নিরাপদ দূরত্ব বজায় রেখে, আমাদের নেত্রীকে নিরাপদ রাখার জন্য আমরা লক্ষ্য করেছেন যে, আমরা সবাই স্পেশাল পিপিই পড়ে, হাতে গ্লাভস নিয়ে তার সঙ্গে দেখা করেছি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শারীরিক অবস্থা আমি আগেও বলেছি উনার কোনো ইম্প্রুভ হয়নি। ইম্প্রুভ যেটুকু হয়েছে উনি আগে থেকে মানসিক অবস্থাটা তার অনেক ভালো হয়েছে, শারীরিক অবস্থার তার খুব বেশি পরিবর্তন হয়নি।
এর আগে গত ১১ মে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দেশ রূপান্তরকে বলেন, চেয়ারপারসনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। তিনিও আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশবাসীকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলতে আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান।

বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, চেয়ারপারসন আগের চাইতে কিছুটা ভালো আছেন। তার রুমের সামনে চেয়ারে বসেছিলেন তিনি। আমরা তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত