আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার। তার মতে, গত দশ বছরে ক্রিকেটটে ধ্বংস করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। তারা কেবল ব্যাটসম্যানদের সুবিধার জন্য কাজ করে।
ইএসপিএন ক্রিকইনফোর পডকাস্টে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে কথা বলার সময় আইসিসি নিয়ে এসব মন্তব্য করেন শোয়েব। হোয়াইট বল ক্রিকেটের বেশ কিছু প্লেইং কন্ডিশন নিয়েও অভিযোগ করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
আইসিসি’র সমালোচনা করে শোয়েব বলেন, “আমি কি আপনাকে স্পষ্ট ভাবে কিছু কথা বলতে পারি? তারা (আইসিসি) ক্রিকেটকে শেষ করে দিচ্ছে। আমি খোলাখুলি বলছি যে, তারা গত ১০ বছরে তারা সফলভাবে ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে। আমি বলবো, তারা কাজটা ভালোভাবে সম্পন্ন করেছে। তারা যা করতে চেয়েছিল সেটাই করছে।”
আইসিসি ক্রিকেটটাকে ব্যাটিং নির্ভর খেলা বানিয়ে ফেলেছে বলে মনে করেন শোয়েব- “এখন ২০ ওভারের ক্রিকেটে দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার করা হয়। কিন্তু এক ওভারে একজন বোলার মাত্র একটিই বাউন্সার দিতে পারবে। এই নিয়মের পরিবর্তন দরকার। বাউন্সারের সংখ্যা বাড়ানো দরকার।”
“বোলারদের জন্য সীমিত ওভারের ক্রিকেটে আর কিছুই নেই। সব নিয়ম ব্যাটসম্যানদের সুবিধার দিকে চিন্তা রেখে করা হয়েছে। লড়াইটা একপেশে হয়ে গেছে। এখন সেরকম লড়াই কোথায়। শচীন বনাম শোয়েব লড়াইয়ের মতন জমজমাট লড়াই এখন আর দেখা যায় কি?”
