আখাউড়ায় মাদক বহনের অভিযোগে বিএনপি নেতাকে পুলিশে সোপর্দ

আপডেট : ২৭ মে ২০২০, ০১:২৭ পিএম

আখাউড়ায় ইউনিয়ন বিএনপির এক নেতাকে মাদক বহনের অভিযোগ এনে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সোমবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের কয়েকজন লোক ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আজাদ হোসেন ভুইয়া আখাউড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তবে তার স্ত্রী দাবি করেন, তার স্বামী রাজনৈতিক প্রতি হিংসা শিকার।

জানা গেছে, ঈদের দিন সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় আজাদ হোসেন ভুইয়াসহ দুই ব্যক্তি উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের রাস্তায় মাদক বহন করছিল। খবর পেয়ে গ্রামের কয়েকজন লোক তাকে ২০পিস ইয়াবাসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। আজাদ ভুইয়ার বাড়ি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে। সোপর্দকৃত আজাদ হোসেন ভুইয়া জনশক্তি রপ্তানি ব্যবসায়ী। এর আগে আজাদকে আরো দুইবার রাজনৈতিক মামলায় জেলে যেতে হয়েছে।

আজাদ ভুইয়ার স্ত্রী সোমা আক্তার বলেন, তার স্বামী গত বছর হজ করে এসেছেন। তিনি বিদেশে লোক পাঠানোর ব্যবসা করলেও কোনো সময়ই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন না ।

তিনি বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তাও রয়েছে।

তিনি আরো বলেন, তার স্বামী দক্ষিণ ইউনিয়নের দুই দুইবারের নির্বাচিত বিএনপির সাধারণ সম্পাদক। তাই রাজনৈতিক প্রতিহিংসাক শিকার হয়েছেন। তিনি সম্প্রতি করোনায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ ইউনিয়নের হতদরিদ্রদের সহায়তায় কাজ করছেন। ঈদের দিন রাতে একটি মসজিদে অর্থ সহায়তা দেয়ার ব্যাপারে গিয়েছিল নুরপুর গ্রামে। তার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষের লোকেরা তাকে মাদক দিয়ে ফাঁসিয়েছেন।

আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর মিশন বলেন, আজাদ ভূঁইয়া প্রতিহিংসার শিকার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন তিনি। তাই আক্রোশের শিকার হয়েছেন। এলাকার মানুষ জানে আজাদ হোসেন অনার্স, মাস্টার্স পাস করা সম্ভ্রান্ত পরিবারের ভালো মানুষ। পিবিআইর মাধ্যমে এই  ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন বলেন, আজাদ হোসেন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন বলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এর আগেও তাকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এর আগে ২০১৮ সালে হজে যাওয়ার জন্য আবেদন করলে পুলিশের ভেরিফিকেশনের রিপোর্টে আজাদ হোসেনকে মৃত দেখান হয়েছিল। পরবর্তীতে আজাদ হাইকোর্টে রিট করলে হাইকোর্ট ওই রিপোর্টের ভর্ৎসনা করে তাকে হজে যাওয়ার ব্যবস্থা করে দেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রসুল আহমদ নিজামী জানান, নুরপুর গ্রামবাসী ঈদের দিন রাতে ২০ পিস ইয়াবাসহ আজাদ ভুইয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত