দুই বছরের কম বয়সী শিশুদের জন্য মাস্ক বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে জাপানের শিশু বিশেষজ্ঞরা।
জাপানের পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন এক লিফলেটে অভিভাবকদের সতর্ক করে বলছে, দুই বছরের কম বয়সী শিশুদের মাস্ক পরিয়ে রাখলে তাদের মুখের রঙ ও অভিব্যক্তির পরিবর্তন বোঝা যাবে না। তাদের শ্বাসকষ্ট হলেও তা নজর এড়িয়ে যেতে পারে।
তারা বলেল, মাস্ক পরানো হলে শিশুদের শ্বাস নিতে কষ্ট হতে পারে; এর ফলে তাদের হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যাবে।
দেশটির বিশেষজ্ঞরা বলেন, মাস্ক পরে থাকা শিশুদের বাতাস টেনে নিতে অসুবিধা হয়। আর তাতে শিশুদের ফুসফুসে বাড়তি চাপ পড়ে। অনেক সময় মাস্কের ভেতরে শিশুদের বমি হতে পারে। সেক্ষেত্রে দম বন্ধ হয়ে যাওয়ার মত ঝুঁকি তৈরি হতে পারে।
শিশুদের ক্ষেত্রে করোনাভাইরাসের ঝুঁকি তুলনামূলকভাবে কম জানিয়ে জাপান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন বলেছে, দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মাস্ক পরা জরুরি নয়।
