করোনা পরিস্থিতির মধ্যে এই প্রথম একটি চীনা সার্ভে টিম বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্টে আরোহণ করল। মূলত এভারেস্টের উচ্চতা পুনরায় পরিমাপ করতে তাদের এই অভিযান।
বিবিসি জানায়, চীন ও নেপালের হিসেবে এভারেস্টের উচ্চতা নিয়ে দেখা দিয়েছে ভিন্নতা। এ নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধও সৃষ্টি হয়।
গত ১ মে চীন এভারেস্টের যে উচ্চতা প্রকাশ করেছিল, তা নেপালের হিসেবের থেকে চার মিটার কম। চীনের হিসেবে এভারেস্টের উচ্চতা ৮৮৪৪.৪৩ মিটার। তবে শৃঙ্গটির উচ্চতা আবারও মাপতে চায় দেশটি।
চীনা দলটি এপ্রিল মাসে তাদের অভিযান শুরু করে। যদিও খারাপ আবহাওয়ার কারণে তারা সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছতে ব্যর্থ হয় বলে জানা যায়।
তবে চীনা সংবাদমাধ্যমে লাইভ ফুটেজে দেখা যাচ্ছে, সার্ভে দলটি তুষারে ঢাকা সর্বোচ্চ চূড়ায় কাজ করছেন। সেখান আরোহণের পর তারা সার্ভে মার্কারও স্থাপন শুরু করে দিয়েছে।
এদিকে করোনা পরিস্থিতিতে নেপাল ও চীন দুই দেশেই বিদেশি পর্যটকদের জন্য এভারেস্টে চড়া বন্ধ করে দেয়। চীন নিজের দেশের নাগরিকদের জন্য এর অনুমতি দিলেও নেপাল সবধরনের অভিযান বাতিল করেছে।
