ঈদের আনন্দের চেয়ে বেঁচে থাকা জরুরি: বিপাশা কবির

আপডেট : ২৮ মে ২০২০, ০৮:৫৮ পিএম

করোনা দুর্যোগে ঘরেই কাটাতে হচ্ছে ঈদ। তারকাদের ঘরবন্দি ঈদের খবর নিয়েই দেশ রূপান্তরের ঈদ আয়োজন...

জনপ্রিয় আইটেম গার্ল ও চিত্রনায়িকা বিপাশা কবিরের ঈদ কেটেছে ঘরে বসেই। বিপাশা কবির বলেন, ‘এবারের ঈদ সবচেয়ে বোরিং কেটেছে। অন্যবারের মতো কোনো আনন্দই করতে পারিনি। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে মা-চাচি কাজিনদের সঙ্গে ছাদে গিয়ে সেলফি তুলেছি। বাসার সবার সঙ্গে গল্প করেছি। এরপর অনলাইন লাইভ ছিল কয়েকটা। ঈদের আগের দিন থেকে প্রতিদিনই প্রায় লাইভ আড্ডা দিচ্ছি আমি। সব চ্যানেলের নামও ঠিক মনে করতে পারছি না।’

এবারের ঈদের আনন্দ করতে না পেরে কিছুটা মন খারাপ বিপাশার। তিনি বলেন, ‘এবার ঈদ নিয়ে কিছুটা আফসোস কাজ করে, কিছুটা কষ্টও লাগে। কিন্তু ঈদের আনন্দের চেয়ে বেঁচে থাকা জরুরি। যদি বেঁচে যাই তাহলে আড্ডা, দেখা সাক্ষাৎ সবই হবে। যদি না বাঁচি তাহলে কিছুই সম্ভব না। এখন বেঁচে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খুব দরকারি কাজ না থাকলে বাইরে যাওয়ার দরকার নেই। বাসায় থাকাটাই বেটার।’

ঘরবন্দি সময় নিয়ে তিনি বলেন, ‘ঘরবন্দি সময়ে রমজান মাসও চলে এসেছিল। নামাজ কালাম পড়া, দীর্ঘ বিশ্রাম নেওয়া। আর হ্যাঁ, কাজের চাপে কিছু ওয়েব সিরিজ দেখি দেখি করেও দেখা হচ্ছিল না, সেগুলো দেখেছি। কিছু মুভি দেখলাম। মায়ের সঙ্গে টুকটাক কিছু কাজেও হেল্প করেছি। আর দিনের বেলায় বেশি ঘুম আসত। ফলে প্রচুর ঘুমিয়েছি।’  

ঘরে থাকার মন্দ দিক নিয়েও বললেন তিনি, ‘মিথ্যা বলবনা, ঘরে ঘরে থাকতে থাকতে মানসিক অস্থিরতা কাজ করে। আমি বাসায় থাকার মানুষ না। কোনো না কোনো কাজ করেই কাটত আমার। এখন একদমই বাসায়। কিছুটা খারাপ লাগা কাজ করে। কারও সঙ্গে হয়তো কথা বলা, মার সঙ্গে আড্ডা দিয়ে কোনোরকমে সময় কাটিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত