করোনা পরিস্থিতির জন্য প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে গেছে উল্লেখ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, দিন দুয়েকের মধ্যে বেড়িবাঁধের কাজ শুরু করবে সেনাবাহিনী।
বৃহস্পতিবার সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়িবাঁধ পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী শ্যামনগর কলবাড়ি লঞ্চ পল্টুনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, ৯ শ কোটি টাকার ২টি ও ১২ শ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। অতি দ্রুত সেগুলোর কাজ শুরু হবে। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ টেকসই করা হবে। দু/এক দিনের মধ্যে সেনাবাহিনী কাজ শুরু করবে। বর্ষা মৌসুমে যাতে বাঁধ আর না ভাঙে সেভাবে প্রকল্প হাতে নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ভাঙনকবলিত জায়গায় বেড়িবাঁধ সংস্কারের জন্য মাটি পাওয়া যাচ্ছে না।
এ সময় তার সাথে সঙ্গে ছিলেন- সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার, জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল ও সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
