করোনাভাইরাস সংক্রমণের মধ্যে গর্ভবতী মায়েদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আইনি নোটিস পাঠানো হয়েছে। গত বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালকের উদ্দেশ্যে ই-মেইলে এ নোটিস পাঠান। নোটিস প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে অগ্রগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ব্যত্যয় হলে নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে জানান নোটিসদাতা আইনজীবী।
নোটিসে বলা হয়, গত ২৬ মে গাইবান্ধার সাদুল্লাপুরে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতি মাকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়ায় ওই হাসপাতালের প্রধান ফটকের পাশেই সন্তান প্রসব করেন তিনি। এর আগে ৪ মে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি না করায় হাসপাতাল চত্বরে ভ্যানের ওপর এক নারী সন্তানের জন্ম দেন।
