প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের ৪৪তম প্রয়াণ দিবস ছিল গতকাল। প্রতিবছর দিনটিতে নানা আয়োজন থাকলেও এ বছর করোনার কারণে সেসবের কোনেকিছুই হয়নি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পীর পরিবার জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম অনলাইনে নিলামে তোলার জন্য দিয়েছেন। নিলামের অর্থ দিয়ে এ করোনার সময়ে দুস্থ শিল্পীদের সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক নিসার আহমেদ।
তিনি আরও জানান, নিলামে অংশ নিতে আগামী ৫ জুন পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন চলবে। আর ৬ জুন ছবিটি নিলামে তোলা হবে। জয়নুল আবেদিনের এ ছবিটির নিলামের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮ লাখ টাকা।
শিল্পী জয়নুল আবেদিনের তিন হাজারের অধিক চিত্রকর্ম রয়েছে। যার মধ্যে পরিবারের কাছে রয়েছে ৪০০টিরও বেশি। বাংলাদেশ জাতীয় জাদুঘরে রয়েছে ৮০৭টি, বেঙ্গল গ্যালারির কাছে রয়েছে প্রায় ৫০০টি ও জয়নুল সংগ্রহশালায় ৬২টি। এছাড়া পাকিস্তানে তার অনেক কাজ সংরক্ষিত রয়েছে।
