‘খেল রত্ন’ পুরস্কারের জন্য মনোনীত রোহিত শর্মা

আপডেট : ৩১ মে ২০২০, ০৩:০৬ এএম

ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে রাজীব গান্ধী ‘খেল রত্ন’ পুরস্কার ২০২০-এর জন্য মনোনীত করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

পাশাপাশি অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পেসার ইশান্ত শর্মা, রোহিতের ওপেনিং সঙ্গী শিখর ধাওয়ান এবং ভারতীয় নারী ক্রিকেট দলের সদস্য দিপ্তি শর্মা। শনিবার এই মর্মে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে বিসিসিআই।

ভারতের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার ‘খেল রত্ন’। এর আগে ক্রিকেটারদের মধ্যে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি ‘খেল রত্ন’ পুরস্কার পেয়েছেন। এবার পুরস্কার পেলে রোহিত হবেন চতুর্থ ক্রিকেটার।

২০১৯ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেন রোহিত। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক আসরে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরির কীর্তি গড়েন।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘অনেক তথ্য বিচার করে তবেই মনোনয়ন স্থির করি আমরা। রোহিত শর্মা ব্যাটসম্যান হিসেবে নতুন মাপকাঠি গড়ে দিয়েছে এবং সংক্ষিপ্ত ফরম্যাটে এমন সব স্কোর করেছে, যা অচিন্তনীয় ছিল এখন পর্যন্ত। আমরা মনে করি সে তার নিষ্ঠা, আচরণ, ধারাবাহিকতা এবং নেতৃত্বের জন্য ‘খেল রত্ন’ সম্মানের যোগ্য।’

ইশান্ত, ধাওয়ান ও দিপ্তির অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হওয়া প্রসঙ্গে বলেন, ‘ইশান্ত শর্মা টেস্ট দলের সবচেয়ে সিনিয়র সদস্য এবং ভারতের দীর্ঘদিন এক নম্বর টেস্ট দল থাকার পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শিখর ধারাবাহিকভাবে টপ অর্ডারে রান পেয়ে গেছে এবং আইসিসি টুর্নামেন্টগুলোতে তার পারফরম্যান্স উল্লেখযোগ্য। দিপ্তি একজন প্রকৃত অল-রাউন্ডার। দলের প্রতি তার অবদান অসামান্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত