অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে ৮ জোড়া বাড়ছে না ভাড়া

আপডেট : ৩১ মে ২০২০, ০৩:৩৫ এএম

স্বাস্থ্যবিধি মেনে আজ রবিবার থেকে ‘সীমিত পরিসরে’ দেশের বিভিন্ন রুটে ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি আরও বলেন, ‘আগামী ৩ জুন (বুধবার) থেকে আরও ১১ জোড়া ট্রেন চালু হবে। টিকিটের দাম বাড়বে না। সে ক্ষেত্রে আমরা ধারণা করছি, রেলে যাত্রীর চাপ বাড়বে।’ গতকাল শনিবার দুপুরে রেলভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘বাসে ভাড়া বাড়ানোর একটা প্রক্রিয়া চলছে। আপনারা জানেন, রেল সরকারি সেবামূলক পরিবহন। তাই আমরা এখানে কোনো ভাড়া বাড়াব না। আগের ভাড়াই চলবে। এ কারণে রেলের যাত্রী বেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার জন্যই আমরা ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করব। ট্রেনের সব টিকিট অনলাইনে দেওয়া হবে। একই সঙ্গে শীতাতপনিয়ন্ত্রিত কেবিনে বালিশ, কাঁথা এগুলো দেওয়া হবে না। তা ছাড়া করোনার এই সময় ট্রেনে কোনো ধরনের খাবার সরবরাহ করা হবে না।’

ট্রেনের যাত্রীদের উদ্দেশে রেলমন্ত্রী বলেন, ‘জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। ট্রেনে যাত্রা করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। টিকিট ছাড়া কোনো যাত্রী ট্রেনে উঠবেন না। তা ছাড়া বিমানবন্দর স্টেশন থেকে কোনো যাত্রী তোলা হবে না। সবাইকে কমলাপুর স্টেশন থেকে উঠতে হবে।’

তিনি বলেন, প্রথম দফায় রবিবার থেকে চলা আন্তঃনগর ট্রেনগুলো হলো সুবর্ণ এক্সপ্রেস (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম), উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম), লালমনি এক্সপ্রেস (লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট), কালনী এক্সপ্রেস (সিলেট-ঢাকা-সিলেট), চিত্রা এক্সপ্রেস (খুলনা-ঢাকা-খুলনা), সোনার বাংলা এক্সপ্রেস (ঢাকা-চট্টগ্রাম-ঢাকা), বনলতা এক্সপ্রেস (চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ) এবং পঞ্চগড় এক্সপ্রেস (পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়)।

তিনি আরও বলেন, দ্বিতীয় দফায় ৩ জুন থেকে আরও ১১টি আন্তঃনগর ট্রেন চালু করা হতে পারে। সেগুলো হলো তিস্তা এক্সপ্রেস (ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার), বেনাপোল এক্সপ্রেস (ঢাকা-বেনাপোল), নীলসাগর এক্সপ্রেস (ঢাকা-চিলাহাটি), রূপসা এক্সপ্রেস (খুলনা-চিলাহাটি), কপোতাক্ষ এক্সপ্রেস (খুলনা-রাজশাহী), মধুমতী এক্সপ্রেস (রাজশাহী-গোয়ালন্দঘাট), মেঘনা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর), কিশোরগঞ্জ এক্সপ্রেস (ঢাকা-কিশোরগঞ্জ), উপকূল এক্সপ্রেস (ঢাকা-নোয়াখালী), কুড়িগ্রাম এক্সপ্রেস (ঢাকা-কুড়িগ্রাম) এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস (ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার)।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত