করোনাভাইরাস

অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি চলবে ১৫ জুন পর্যন্ত

আপডেট : ৩১ মে ২০২০, ০৪:৫৫ এএম

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারঘোষিত ছুটির পর আজ থেকে সরকারি- বেসরকারি অফিসের কার্যক্রম সীমিত আকারে চালু হলেও সারা দেশে অধস্তন আদালতের প্রচলিত বিচার কার্যক্রম এখনই শুরু হচ্ছে না। অধস্তন দেওয়ানি, ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালে অতি জরুরি বিষয় আগামী ১৫ জুন পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি ও আদেশ দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।   গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০-এর ৫ ধারার ক্ষমতাবলে এবং মহামারী কভিড-১৯ রোধকল্পে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও শারীরিক উপস্থিতি ব্যতিরেকে বিচারকাজ পরিচালনার লক্ষ্যে সুপ্রিম কোর্টের ১০ মে প্রচারিত বিশেষ প্র্যাকটিস নির্দেশনার ধারাবাহিকতায় অতিরিক্ত বিশেষ প্র্যাকটিস নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে অধস্তন দেওয়ানি, ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনাল প্রযোজ্য ক্ষেত্রে অতি জরুরি বিষয়ে শুনানি গ্রহণ ও আদেশ প্রদান করবে এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী ও সন্তানসম্ভবা নারীরা কর্মস্থলে আসা থেকে বিরত থাকবেন বলে জানানো হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারনির্ধারিত ছুটির মধ্যে আইনজীবী, সাক্ষী ও আসামিদের শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় ১১ মে। ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’-এর খসড়া অনুমোদন লাভের পর ৯ মে এ-সম্পর্কিত অধ্যাদেশ জারি করা হয়। এরপর সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, অধস্তন আদালতে শুধু আসামিদের জামিন শুনানির কথা বলা হয়। এ ছাড়া আদালত ব্যবহারের বিষয়ে ১০ মে সুপ্রিম কোর্ট আইনজীবীদের জন্য ‘আমার আদালত : ভার্চুয়াল কোর্টরুম ব্যবহার ম্যানুয়াল’ নামে একটি নির্দেশিকা প্রকাশের পাশাপাশি আদালত পরিচালনার জন্য একটি ওয়েব পোর্টালও চালু করে। এরই ধারাবাহিকতায় গতকাল সুপ্রিম কোর্ট প্রশাসন অধস্তন আদালতের বিষয়ে নতুন এ নির্দেশিকা জারি করল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত