আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে করে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানো যায় দাবি করে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, এ জন্য রেলের কর্মকর্তারা সবসময় তদারকি করে যাচ্ছেন।
রবিবার বিকেলে কমলাপুর স্টেশনে করোনা পরিস্থিতিতে ট্রেন চলাচলের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
সুজন বলেন, একটি আসন খালি রেখে ট্রেনের অর্ধেক টিকিট বিক্রি করা হয়েছে। টিকিটের ১০০ ভাগ অনলাইনে বিক্রি হয়েছে।
এসময় রেলমন্ত্রী যাত্রীদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্যবিধি মানার জন্য রেলের তরফ থেকে সকল ধরনের প্রচেষ্টা রয়েছে। তবে যাত্রীদেরও দায়বদ্ধতা আছে। যাত্রীদের নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজের নিতে হবে।
প্রতিনিয়ত আক্রান্ত বাড়ছে এমন অবস্থায় ট্রেন কতদিন চলবে জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, সরকারের সিদ্ধান্তই গণ পরিবহন চালু হয়েছে। আগামী ১৫ দিন গণ পরিবহন চালিয়ে সরকার দেখবে কি অবস্থায় যায়। এই ১৫ দিনের পর্যবেক্ষণ শেষে সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করা হবে।
এসময়, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
