বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধারের তথ্য জানিয়েছে বিজিবি।
ঘটনাটি ঘটেছে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ির চেয়ারম্যানের গোদা নামক স্থানে।
পুলিশ ও বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে নায়েক সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাইশফাঁড়ি এলাকার চেয়ারম্যানের গোদার পাড়ে গেলে সেখানে মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি করলে সেখানে আব্দুর রহমান (২৫) নামের এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়।
বিজিবি ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত রোহিঙ্গা উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
