ইউনাইটেডে আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট

আপডেট : ০২ জুন ২০২০, ০৫:৫৯ পিএম

ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে করোনা (কভিড-১৯) ইউনিটে পাঁচ রোগীর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট।

হাসপাতাল কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশ মহাপরিদর্শককে আলাদাভাবে আগামী ১৪ জুনের মধ্যে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

ইউনাইটেড হাসপতালর লাইসেন্স বাতিল, মৃত পাঁচজনের পরিবারকে পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং এ ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে গত ৩০ মে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়াজ মুহাম্মদ মাহবুব ও শাহিদা সুলতানা শিলা।

এ ঘটনার বিচারিক তদন্ত চেয়ে সোমবার হাই কোর্টে আরেকটি রিট আবেদন করা হয়। সেখানেও মৃত রোগীদের পরিবারকে ‘দৃষ্টান্তমূলক’ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী রেদোয়ান আহমেদ রানজীব ও হামিদুল মিসবাহ জনস্বার্থে দ্বিতীয় রিট আবেদনটি করেছেন। 

গত ২৭ মে রাত পৌনে ১০টার দিকে ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ইউনিটে আগুন লাগে। এতে পাঁচ রোগীর মৃত্যু হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত