করোনায় সুনামগঞ্জে ৫ র‌্যাব সদস্যসহ আক্রান্ত ৯

আপডেট : ০৩ জুন ২০২০, ০৭:০১ এএম

সুনামগঞ্জে পাঁচ র‌্যাব সদস্যসহ আরও নয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২৭ র‌্যাব, ২৪ পুলিশ সদস্যসহ মোট আক্রান্ত হয়েছেন ১৭৪ জন, মারা গেছেন একজন। গত সোমবার রাত সাড়ে ১১টায় সিভিল সার্জন ডা. শামসউদ্দিন এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শেষে সোমাবার রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জ র‌্যাব-৯ সিপিবি-৩-এর পাঁচ র‌্যাব সদস্যসহ সুনামগঞ্জ সদর উপজেলায় এক, ছাতকে এক, জগন্নাথপুরে এক ও দোয়ারাবাজারে একজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৭৫ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫ হাজার ১৭৫ জন। সিভিল সার্জন জানান, আক্রান্ত র‌্যাব সদস্যসহ সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত