চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী আজিজুর রহমান ভুট্টো হত্যা মামলার প্রধান আসামি হামিদুর রহমান ওরফে সোহাগ খানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ভার্চুয়াল আদালত।
বুধবার সকালে চাঁদপুর সিনিয়র চীফ জুডিসিয়্যাল মেজিস্ট্রেট আদালতের বিচারক মো. কামাল হোসেন ৫ দিনের এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান, ভুট্টো হত্যা মামলার গ্রেফতার হওয়া প্রধান আসামি সোহাগ খানকে জিজ্ঞাসাবাদে জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার বিকেলে সোহাগ খানকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে আটক করে মডেল থানার পুলিশ।
এদিকে এই মামলায় এজহার নামীয় আসামিদের মধ্যে মো. মুনসুর খান, মোস্তফা খান কালু ও মো. সুমন খানকে গত ২০ মে ভোরে চাঁদপুর মডেল থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে তাদেরকে আদালতে পাঠালে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গত মঙ্গলবার (২ জুন) গ্রেপ্তার ৩ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ মে সোমবার দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি এলাকায় নিজ বাড়ীতে যাওয়ার পথে আজিজুর রহমান ভুট্টোকে ছুরি দিয়ে তার দেহ ক্ষতবিক্ষত করে দুর্বৃত্তরা।
এ সময় ভুট্টোর গলায় দাঁড়ালো ছুরি ঢুকিয়ে তাকে রাস্তার পাশে ডোবায় ফেলে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় ভুট্টোকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
এই ঘটনায় পরদিন ১৯ মে ভুট্টোর স্ত্রী চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
আদালতে বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সেলিম আকবর ও অ্যাডভোকেট ইয়াছিন আরাফাত ইকরাম এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুল আজিজ।
