করোনাভাইরাসের ধাক্কা সামলে ফের লিগ শুরুর আগে স্প্যানিশ ফুটবলে চাঞ্চল্যকর এক খবর সামনে এলো। বার্সেলোনা ক্লাব তাদের ৫ ফুটবলারের করোনা আক্রান্ত হওয়ার তথ্য গোপন করেছিল বলে দাবি করেছে স্থানীয় একটি রেডিও চ্যানেল।
৫ ফুটবলারের সঙ্গে দুজন সাপোর্ট স্টাফও করোনায় পজিটিভ ছিলেন বলে দাবি করেছে রেডিওটি। তবে কোনো ফুটবলার বা সাপোর্ট স্টাফের নাম প্রকাশ করেনি তারা।
করোনার কারণে তিন মাস বন্ধ থাকার পর ১১ জুন ফের শুরু হচ্ছে লা লিগা। ১৩ জুন অ্যাওয়ে ম্যাচে রিয়াল মায়োর্কার বিপক্ষে করোনা পরবর্তী সময়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বার্সা।
লিগকে সামনে রেখে মে’র শুরুতেই অনুশীলনে ফিরেছিল বার্সেলোনার খেলোয়াড়রা। তখন শুরুতেই খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়েছিল। সবার ফল নেগেটিভ আসে বলেই জানানো হয়।
কিন্তু কাতালান রেডিও স্টেশন র্যাক ওয়ান বলছে, মে মাসের শুরুতে লা লিগা কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুটবলারদের যে টেস্ট করা হয়েছিল, তাতেই বার্সার ৫ ফুটবলারের করোনা ধরা পড়েছিল।
সূত্রের বরাত দিয়ে তাদের দাবি, ওই পাঁচ ফুটবলারেরই কোনো উপসর্গ ছিল না। পরে রিপোর্ট নেগেটিভ আসার পরই অনুশীলনে যোগ দেন তারা। পুরো বিষয়টি বার্সেলোনার পক্ষ থেকে গোপন করা হয়েছিল।
