শেরপুরে ১০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

আপডেট : ০৪ জুন ২০২০, ০১:১৯ পিএম

শেরপুরে বুধবার নতুন করে আরও ১৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ৮ এপ্রিল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক ২১৬০ জনের নমুনা সংগ্রহের মধ্যে জেলায় মোট শনাক্ত হলেন ১০৮জন।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫জন, মারা গেছেন একজন। আক্রান্তের দিকে শেরপুর সদরে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার নতুন করে আক্রান্তদের মধ্যে নকলা উপজেলায় ৯জন, ঝিনাইগাতীতে ৩ ও নালিতাবাড়ী উপজেলায় ২ জন রয়েছেন।

এদিকে জেলায় মোট আক্রান্তের ১০৮জনের মধ্যে শেরপুর সদরে ৫০জন, নকলা উপজেলায় ২০জন, নালিতাবাড়ী উপজেলায় ১৪জন, ঝিনাইগাতীতে ১৩জন ও শ্রীবরদী উপজেলায় ১১জন করোনা শনাক্ত হয়েছেন।

জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যমতে, শেরপুরে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৫৩জন। এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১৫জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ২৭জন।

সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক সংস্পর্শের কারণেই তারা করোনায় সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের সবাই বাড়িতে আইসোলেশনে থাকবেন। তাদের সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহ করা হবে। করোনার বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত