সাভারে করোনায় রানা প্লাজার মালিক খালেকের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২০, ০৩:০২ পিএম

সাভারে এবার করোনায় আক্রান্ত হয়ে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে সাভার উপজেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো নয়জনে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার রানা প্লাজার মালিক আব্দুল খালেকের শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি না নিয়ে পরিক্ষা করানোর কথা বলেন।

পরে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার পাশাপাশি করোনাভাইরাসে সংক্রমিত কিনা জানতে গত সোমবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। কিন্তু এর আগেই সকালে তিনি মারা যান।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ জানান, করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন অবস্থান বৃহস্পতিবার সকালে সাভার বাজাররোড এলাকার বাসিন্দা আব্দুল খালেকের মৃত্যু হয়েছে। তবে তিনি রানা প্লাজার মালিক কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, নিহত আব্দুল খালেক করোনায় আক্রান্ত ছিলো বলে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ। ওই ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি আব্দুল খালেক দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত