ব্রেইন স্ট্রোক করেছেন নাসিম, জরুরি অস্ত্রোপচার

আপডেট : ০৫ জুন ২০২০, ১১:৫৫ এএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ব্রেইন স্ট্রোক করেছেন। তার জরুরি অস্ত্রোপচার চলছে।

শুক্রবার ভোররাতে ব্রেইন স্ট্রোক করার পর তার জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বেলা সাড়ে ১১টার দিকে দেশ রূপান্তরকে বলেন, ‘সকালে উনার মস্তিষ্কে রক্তক্ষণ হয়েছে। এখন অস্ত্রোপচার চলছে।’

দেশবাসীর কাছে মোহাম্মদ নাসিমের জন্য দোয়া চেয়েছে পরিবার।

ব্রেইন স্ট্রোক করায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস শনাক্ত হয়।

মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি। ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত