আমাজনের সঙ্গে ‘ব্রেকআপের’ ঘোষণা মাস্কের

আপডেট : ০৫ জুন ২০২০, ০৩:৫৪ পিএম

টেসলা-স্পেসএক্সের সিইও ইলন মাস্ক ই-কমার্স ওয়েবসাইট আমাজনের  সঙ্গে ‘ব্রেকআপের’ ঘোষণা দিয়েছেন।

অ্যালেক্স বেরেনসন নামের এক লেখকের একটি বই আমাজন শুরুতে বিক্রি করতে না চাওয়ায় মাস্ক এই ঘোষণা দেন। তবে ‘ব্রেকআপ’ বলতে তিনি কী ধরনের সম্পর্ক শেষ করার ঘোষণা দিয়েছেন, তা পরিষ্কার করেননি।

বেরেনসনের অভিযোগ, তিনি কভিড-১৯ বিষয়ে বই লিখে আমাজনে অ্যাডের চেষ্টা করে ব্যর্থ হন। তাকে বলা হয়, নীতিমালার সঙ্গে তার বই সামঞ্জস্য নয়।

নভেল করোনাভাইরাসের কারণে যে লকডাউন শুরু হয়েছে বেরেনসন তার ঘোর বিরোধী। এই লেখকের দাবি, করোনাভাইরাস নিয়ে যতটা ভয় ছড়ানো হচ্ছে, ততটা ভয়ের কিছু নেই। তিনি মনে করেন, বিশেষ করে তরুণদের এই রোগে তেমন কিছু হয় না।

বেরেনসনের মতো মাস্কও লকডাউনের বিরোধিতা করছেন অনেক আগে থেকে। বইটি তাই বিক্রি করতে না চাওয়ায় আমাজনের উপর খেপে যান। টুইটে বেজোসকে ট্যাগ করে লিখেছেন, ‘এটা উন্মাদের কাজ। ব্রেকআপের এখনই সময় আমাজন। একচেটিয়া অধিকার ঠিক নয়!’

আমাজন মাস্কের কথার উত্তর না দিলেও পরে বলেছে বইটি ইচ্ছা করে তালিকা থেকে বাদ দেয়া হয়নি। কারিগরি ত্রুটির কারণে বাদ পড়েছে।

মাস্ক গত কয়েক বছর ধরে টুইটারে অদ্ভুত সব পোস্ট দিচ্ছেন। তার অর্থ বের করা দায়। একবার লিখছেন ‘আসছে…’ তো আরেকবার বলছেন ‘টু হাই’। কয়েক দিন পর অবশ্য পোস্টগুলোর ব্যাখ্যা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত