দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরণন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে শনিবার দুপুর দেড়টায় হিলি এলএসডি গুদাম চত্বরে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ফিতা কেটে এই ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
এ সময় সেখানে পৌরমেয়র জামিল হোসেন, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, হিলি এলএসডি কর্মকর্তা যোশেফ হাসদাসহ অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে সকল প্রক্রিয়া সম্পন্ন করে হিলির ইসমাইলপুরের মোজাহার হোসেন ও গোলজার রহমান নামের দুজন কার্ডধারী কৃষকের কাছ থেকে একটন করে দুই টন ধান কেনা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, চলতি মৌসুমে হাকিমপুরে কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৩৭৩ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।
সে লক্ষ্যে উপজেলার ১৪ হাজার কৃষকের মধ্যে থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ১ হাজার ৩৭৩ জন কৃষককে নির্বাচীত করা হয়েছে।
কৃষি কার্ডধারী প্রত্যেক কৃষক এক টন করে ধান গুদামে সরবরাহ করতে পারবেন।
