নেত্রকোনার পূর্বধলায় বালুবাহী ট্রাক চাপায় মো. কালাম মিয়া (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলার জাওয়ানীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম উপজেলার খলিশাউড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইরাজ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালাম দীর্ঘদিন যাবৎ মানসিক প্রতিবন্ধী। প্রায় সময়ই তিনি সড়কে যানবাহনের সামনে গিয়ে চালক ও যাত্রীদের কাছে টাকা-পয়সা চাইতেন। প্রতিদিনের ন্যায় সড়কে গেলে বালু বোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই কালাম নিহত হন।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে।
