সবকিছু ঠিক থাকলে ১৭ জুন থেকে ফের মাঠে গড়াতে যাচ্ছে করোনাভাইরাস সংকটের কারণে থমকে থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো। এর আগে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, কভিড-১৯ টেস্ট হচ্ছে ক্লাবগুলোর খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের।
সুখবর হলো- সবশেষ ষষ্ঠ রাউন্ডে ১,১৯৫ জন খেলোয়াড়-স্টাফের করোনাভাইরাস টেস্টে কারও রিপোর্ট পজিটিভ আসেনি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
লিগ কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, “প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার ও শুক্রবার ১ হাজার ১৯৫ জন খেলোয়াড় ও ক্লাব স্টাফের কভিড-১৯ টেস্ট করা হয়েছে। এতে পজিটিভের সংখ্যা শূন্য।”
সব মিলিয়ে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের ৬ হাজার ২৭৪ জন খেলোয়াড় ও স্টাফের করোনাভাইরাস টেস্ট করা হলো। এর মধ্যে পজিটিভ এসেছে মাত্র ১৩ জনের রিপোর্ট। আক্রান্তদের নিয়মানুযায়ী সেলফ-আইসোলেশনে পাঠানো হয়েছে।
করোনাভাইরাস সংকটের কারণে মার্চের মাঝামাঝি থেকে থমকে আছে প্রিমিয়ার লিগ। লিগে এবার শিরোপার খুব কাছে অবস্থান করছে লিভারপুল। ২৫ পয়েন্টের ব্যবধান দিয়ে শীর্ষে অবস্থান করছে ইয়ুর্গেন ক্লপের দল।
