মিরসরাইয়ে ইস্পাত কারখানার সিসায় দগ্ধ ৩ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২০, ১০:৫৩ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম ইস্পাত কারখানায় লোহার গলিত সিসায় দগ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে মারাত্মক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়ার পথে মারা যান দুজন। অন্যজন চমেক হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

শনিবার বিকেলে মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকার বিএসআরএম কারখানায় এ দুর্ঘটনা ঘটে। মোট ছয় শ্রমিক সিসায় দগ্ধ হন বলে কারখানা কর্তৃপক্ষ জানায়।

পুলিশ জানায়, এ ঘটনায় নিহতরা হলেন মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আবুল কাশেম (৫০), ফেনী জেলার ছনুয়া বাজার এলাকার কামাল উদ্দিনের ছেলে মহি উদ্দিন (৩৫), ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার সেকান্দরপাড় গ্রামের নুর নবীর ছেলে নজরুল ইসলাম (৩৪)। 

আহতরা হলেন মো. মহিউদ্দিন, নুর হোসেন ও সেকান্দর। তাদের মধ্যে দুজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহত সেকান্দরকে প্রাথমিক চিকিৎসার পর ঘরে থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের অ্যাসিসটেন্ট ম্যানেজার (পিআর) ওমর শোয়াইব জানান, বিএসআরএম প্লান্টে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত চার শ্রমিককে চমেক থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে শনিবার মধ্যরাতে কুমিল্লা পর্যন্ত পৌঁছালে মো. নজরুল ইসলাম এবং মো. গিয়াস উদ্দিন মারা যান। এর আগে মারা যান আবুল কাশেম। আহত আরো দুই শ্রমিক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। আহতদের মধ্যে মো. সিকান্দারকে প্রয়োজনীয় চিকিৎসার পর হাসপাতাল থেকে বাসায় পরিচর্যায় থাকার নির্দেশ দেয়া হয়। 

তিনি জানান, অপ্রত্যাশিত এই পরিস্থিতি ও দুর্ঘটনার কারণ উদঘাটন করতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসআরএম কর্তৃপক্ষ। ঘটনাটি পুরো বিএসআরএম পরিবারের জন্য দুঃখের দিন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং হতাহতদের প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন কর্তৃপক্ষ।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল ছুটে যাই। তখন জানতে পারি কারখানার গরম তরল পদার্থে শ্রমিকরা দগ্ধ হয়েছে। কর্তৃপক্ষ আহতদের হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসার জন্য। 

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত