ছেলেকে নায়ক বানানোর শর্তে সিনেমায় রাজি হন অমিতাভ

আপডেট : ০৮ জুন ২০২০, ০৯:১৮ এএম

স্বজনতোষণই বলিউডের কাপুর, দেওল বা বচ্চন পরিবারের অনেক সন্তানের ক্যারিয়ারের পথ খুলে দিয়েছে। যেমন; ছেলের নড়বড়ে ক্যারিয়ার শক্ত করতে পরিচালককে শর্ত দিয়েছিলেন অমিতাভ বচ্চন।

২০০২ সাল, তখন সবে সিনেমায় নেমেছেন অভিষেক বচ্চন। কয়েকটা ছবি করলেও বাবার নামেই তার পরিচিতি। আলাদা করে কিছুতেই নিজের নাম প্রমাণ করতে পারছেন না। এ দিকে অমিতাভও নাছোড়বান্দা।

ঠিক ওই সময় প্রযোজক বনি কাপুর অমিতাভ বচ্চনকে তার একটি ছবিতে অভিনয়ের জন্য অনুরোধ করেন। বাকি অভিনেতারা ছিলেন ঐশ্বরিয়া রাই, বিবেক ওবেরয় ও দিয়া মির্জা। ছবির নাম ‘কিউ হো গ্যায়া না’।

ওই সময় আবার ঐশ্বরিয়া ও বিবেকের প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রিতে। অমিতাভ প্রযোজকের মুখের ওপর ‘না’ বলে দেন। এ দিকে বনিও ছাড়ার পাত্র নন। তিনি বারবার অনুরোধ করতে থাকেন। অনেক অনুরোধের পর রাজি হন অমিতাভ। কিন্তু একটি শর্ত দেন তিনি।

কী সেই শর্ত? অমিতাভ বলেন, বনি যদি পরবর্তী ছবিতে অভিষেককে কাস্ট করেন তবেই এ ছবিতে অভিনয় করবেন তিনি। বনির কাছেও কোনো উপায় ছিল না। অমিতাভকে নিয়ে তার কাজ করার ইচ্ছা ছিল অনেকে দিনের। বাধ্য হয়েই শর্তে রাজি হয়ে যান।

অমিতাভকে কথা দেন পরবর্তী ছবি ‘রান’-এ অভিষেককে কাস্ট করবেন। কিন্তু হায়! ‘কিউ হো গ্যায়া না’ বক্স অফিসে চুড়ান্ত অসফল। এমনকি ‘রান’-এও অভিষেকের অর্জন প্রায় ছিলই না। বরং লাইমলাইট ছিনিয়ে নেন পার্শ্ব চরিত্র ‘কাউয়া বিরিয়ানি’ অর্থাৎ বিজয় রাজপুরি। পঙ্কজ ত্রিপাঠির অভিনয়ও পছন্দ করেন দর্শকেরা।

‘রান’ হিট করেনি ঠিকই, তবে এরই হাত ধরেই অভিষেকের কাছে আসে মনি রত্নমের ‘যুবা’র অফার। ওই ছবির রানি মুখার্জি ও অভিষেক বচ্চনের পারফর্ম করা ‘কাভি নিম নিম’ গানটি এখনো সিনেমাপ্রেমীদের মনে রয়ে গেছে।

হালের অমিতাভের চেয়েও অভিষেকের ব্যস্ততা একদম তলানিতে। বছরের একটি ছবিতেও সুযোগ কি-না সন্দেহ। বর্তমানে শাহরুখ খানের প্রযোজনায় ‘বব বিশ্বাস’ ছবিতে কাজ করছেন অভিষেক। এর আগে কিং খানের প্রযোজনায় ‘বদলা’য় অভিনয় করেছিলেন অমিতাভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত