টিভি-সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তিনি, এখন সংসদ সদস্য

আপডেট : ০৮ জুন ২০২০, ১১:৪৬ এএম

ছবির ছোট্ট মেয়েটি ঢাকাই নাটক-সিনেমার এককালের দাপুটে অভিনেত্রী। সংরক্ষিত নারী আসনে বর্তমানে জাতীয় সংসদের সদস্যও।

তিনি হলেন সুবর্ণা মুস্তাফা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করছেন আশি-নব্বইয়ের দশকের অভিনেত্রীর এক ভক্ত।

সুবর্ণার শৈশবের মিষ্টি ছবিটি অনেকেই পছন্দ করেছেন। মন্তব্যের ঘরে তার প্রতি ভালোবাসাও জানিয়েছেন।

প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিকার গোলাম মুস্তাফা মেয়ে সুবর্ণা। তার মা হোসনে আরা ছিলেন পাকিস্তান রেডিও’র প্রযোজক।

১৯৭০-এর দশকে সুবর্ণা সেলিম আল দীনের মঞ্চ নাটক ‘জন্ডিস ও বিবিধ বেলুন’-এ অভিনয় করেন। বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীও তিনি। বিশেষ করে আফজাল হোসেন ও হুমায়ূন ফরীদির সঙ্গে তার জুটি ছিল ভীষণ জনপ্রিয়। ভক্তরা আজও আফজাল-সুবর্ণা জুটিকে স্মরণ করেন।

১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আসেন। যা ঢালিউডের অন্যতম আইকনিক সিনেমা। তবে এ জগতে সুবর্ণা খুব একটা সময় দেননি, পরবর্তীতে বেছে বেছে অল্প কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে ‘নয়নের আলো’ ও ‘পালাবি কোথায়’ স্মরণীয়।

১৯৮৩ সালে ‘নতুন বউ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হন সুবর্ণা। কিন্তু নিজেকে প্রধান অভিনেত্রী দাবি করে এ স্বীকৃতি প্রত্যাখান করেন। অভিনয়ে অনন্য অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত