করোনা মোকাবিলায় দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরাও। ফলে মহামারী থেকে বাঁচতে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগ ব্যায়াম করছে বাংলাদেশের পুলিশ।
ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন এমন দৃশ্য দেখা গেছে।
খোলা চত্বরে সামাজি দূরত্ব রেখে ম্যাট বিছিয়ে নিঃশ্বাসের ব্যায়ামসহ নানা ধরনের যোগ ব্যায়াম করছেন পুলিশ সদস্যরা।
গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটিসহ নানা বিধিনিষেধ আরোপ করা হয় দেশে। মে মাসের শেষে এই বিধিনিষেধ তুলে নেয়া হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুলিশ সদস্যরা।
সরকারি হিসাবে ইতিমধ্যে ৬ হাজারের বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৯ জন। শুধু রাজধানী ঢাকাতেই আক্রান্ত অন্তত সাড়ে আঠারোশ, এর মধ্যে মারা গেছেন ১০ জন।
ঢাকা পুলিশের একজন মুখপাত্র রঞ্জন কুমার সাহা এএফপিকে বলেন, আইনশৃঙ্খলা ও নির্দেশনা ঠিক রাখতে রাস্তায় নেমে বড় ভূমিকা রাখছে পুলিশ। ফলে দায়িত্বরত অবস্থায় তাদের চাপমুক্ত রাখাটা গুরুত্বপূর্ণ।
তিনি জানান, ঢাকার মতো জনবহুল শহরে মানুষের জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করাটা অনেক কঠিন ব্যাপার। যা পুলিশ সদস্যদের জন্য বড় ধরনের চাপ।
রঞ্জন কুমার সাহা বলেন, বাহিনীর মনোবল বৃদ্ধিতে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। এই যোগব্যায়াম তারই একটি অংশ।
ইয়োগা ইনস্ট্রাক্টর শামা মাখিং সোমবার অন্তত ১০০ পুলিশ কর্মকর্তাকে শ্বাসের ব্যায়ামসহ নানা ধরনের যোগ ব্যায়াম করান। তিনি বলেন, তাদের তো দায়িত্ব পালন করে যেতে হবে। ফলে শারীরিকভাবে সুস্থ থাকতে যোগব্যায়াম গুরুত্বপূর্ণ।
এই যোগব্যায়াম সেশনে অন্তত ১২০০ পুলিশ কর্মকর্তা অংশ নেবেন বলে রঞ্জন কুমার সাহা জানান।
এদিকে দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩০ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৭৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫০৪ জন।
