এশিয়া কাপের ভেন্যুর খোঁজে এসিসি

আপডেট : ০৯ জুন ২০২০, ০৪:৪৬ এএম

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সোমবারের ভার্চুয়াল সভায় এশিয়া কাপ আয়োজন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সভাশেষে সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন এতে অংশ নেওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

এসিসি সভাপতি তথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে হওয়া এদিনের সভায় এশিয়া কাপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে আলোচনা ছিল আগেই। করোনাভাইরাস পরিস্থিতিতে এই টুর্নামেন্টের পাশে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। তবে সম্ভাব্য সূচি অনুযায়ী আসরটি সেপ্টেম্বরে আয়োজনের ব্যাপারে ইতিবাচক এসিসি। এমনটাই জানালেন নিজাম উদ্দিন চৌধুরী।

কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য হয়নি। বরং ভেন্যুর খোঁজে এশিয়ান ক্রিকেটের অভিভাবক সংস্থা। ‘যা যা আলোচনা হয়েছে, সেগুলো ইতিবাচকই। এশিয়া কাপ কোথায় এবং কিভাবে করা যায়, এসব নিয়েই আলোচনা হয়েছে। যেসব জায়গায় করোনার প্রকোপ কম বা আক্রান্তের সংখ্যা কমে এসেছে, ভেন্যু হিসেবে এ রকম জায়গাকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে।’ বলেন নিজাম উদ্দিন।

তিনি যোগ করেন, ‘এখন ভেন্যু ঠিক করা নিয়ে কাজ করবে সবাই। কিছুদিন পরে আবার সভায় বসে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

আবর্তন নিয়মে এশিয়ার সর্ববৃহৎ এই ক্রিকেট আসরটি এবার বসার কথা পাকিস্তানে। তবে পাকিস্তানে এশিয়া কাপ খেলার ব্যাপারে শুরু থেকেই আপত্তি করে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তাই ২০১৮ সালের মতো সংযুক্ত আরব আমিরাতে এবারের আসর আয়োজন হতে পারে এমন আলোচনা ছিল করোনাপূর্ব সময়ে।

নিমাজ উদ্দিন চৌধুরী এদিনের বৈঠক শেষে সম্ভাব্য ভেন্যু হিসেবে সেই আরব আমিরাতের কথাই বলেছেন। তিনি বলেন, ‘করোনার প্রকোপ কম, এমন জায়গার মধ্যে দুবাই একটি বিকল্প হতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত