অক্টোবর-নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত না হলে সেই সময় আইপিএল আয়োজনের পূর্ণ অধিকার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) রয়েছে। এমন মন্তব্যই করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং।
এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনা থাবায় নির্ধারিত সময়ে আসর আয়োজন নিয়ে রয়েছে প্রশ্ন। এদিকে বিশ্বকাপ পিছিয়ে যেতে পারে এমন গুঞ্জন রয়েছে। আর সেটি হলে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই সময়ে আইপিএল আয়োজনের পক্ষে।
করোনা ভাইরাসের কারণে এ বছর এখনো মাঠে গড়ায়নি আইপিএল। কিন্তু বিশ্বকাপের জায়গায় আইপিএল আয়োজনের প্রস্তাব নিয়ে সমালোচনাও আছে। অনেকে বলছেন, আইপিএল আয়োজনের জন্যই আইসিসি বিশ্বকাপ পিছিয়ে দিতে চাইছে।
এই প্রেক্ষিতে বিসিসিআই পাশে পাচ্ছে হোল্ডিংকে। ক্যারিবীয় কিংবদন্তি বলছেন, ‘মনে হয় না যে আইসিসি ইচ্ছাকৃত ভাবে আইপিএল আয়োজনের কথা ভেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিচ্ছে। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় তবে আইপিএল আয়োজনের পূর্ণ অধিকার বিসিসিআইয়ের আছে।’
