করোনা আক্রান্ত ৪ গাড়িচালক, মমতার দপ্তরে সতর্কতা

আপডেট : ০৯ জুন ২০২০, ০৯:০৯ এএম

করোনা আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নের চার সচিবের গাড়িচালক। এদের মধ্যে তিনজন বসেন ভবনটির চৌদ্দ তলায়, সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর।

আনন্দবাজার পত্রিকা জানায়, এই ঘটনায় বেশ সর্তক হয়ে উঠেছে প্রশাসন। ইতিমধ্যে তিন দফায় নবান্ন স্যানিটাইজ করা হয়েছে।

কয়েক দিন আগে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের এক কর্মকর্তা ও এক গাড়িচালকের করোনা ধরা পড়ে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সচিবালয়ের আরেক গাড়িচালক। পাশাপাশি, মুখ্যসচিবের দপ্তরে কর্মরত এক আমলার গাড়িচালকও সংক্রমিত হয়েছেন। প্রশাসন থেকে ওই আমলাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তার সহকারীদেরও নমুনা পরীক্ষা হচ্ছে, দেওয়া হয়েছে হোম কোয়ারেন্টাইনের পরামর্শ।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, নবান্নের ১৪ তলার একটি ক্যান্টিন থেকে ভিআইপি ও অতিথিদের জন্য চা-খাবার সরবরাহ করা হয়। সুরক্ষার কারণে আপাতত সেটিও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে সিদ্ধান্ত হয়েছে, চা-খাবার সরবরাহকারী সংস্থার কর্মীরা নবান্নের একটি তলা থেকে অন্য তলায় যাবেন না।

সাধারণত, কর্মকর্তাদের নবান্নে নিয়ে আসার পরে অনেক গাড়িচালক একই জায়গায় বসে আড্ডা দেন। তা থেকে দূরে থাকার ও দিনে দু-তিনবার করে গাড়ি পরিষ্কারের পরামর্শ দেওয়া হয়েছে তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত