মালয়েশিয়ার উপকূলের কাছ থেকে প্রায় ২৬৯ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে দেশটির কোস্ট গার্ড।
বিবিসি জানায়, সোমবার আটক রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশ থেকে সাগরপথে মালয়েশিয়া উপকূলে পৌঁছায় বলে জানা গেছে।
একটি ট্রলারে গত প্রায় দু’মাস ধরে সাগরে ভেসে বেড়াচ্ছিলেন তারা। এপ্রিলের শুরুতে তারা সাগরপথে যাত্রা শুরু করেন।
তবে ট্রলারটি ছিলেন আরও দুইশ যাত্রী, তাদের ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
সোমবার মালয়েশিয়ার কোস্টগার্ড জাহাজ ল্যাংকাউইয়ের দ্বীপে একটি সন্দেহভাজন ট্রলার দেখতে পায়।
কোস্টগার্ড সদস্যরা ট্রলারটির কাছে যেতেই ৫৩ জন রোহিঙ্গা সমুদ্রের পানি ঝাঁপ মারে। পরে ওই ট্রলারটি থেকে ২১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়, সেখানে একজন নারীর মৃতদেহও উদ্ধার করেন তারা।
এরপর ওই ৫৩ জনকে উদ্ধার করে ২৬৯ জন রোহিঙ্গাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে এসব শরণার্থীদের খাবার ও পানি সরবরাহ হয়।
এদিকে মালয়েশিয়া উপকূলে একের পর এক রোহিঙ্গাবাহী ট্রলার ভেসে বেড়ানোর সংবাদ আসছে। মানবাধিকার সংস্থাগুলো রোহিঙ্গাবাহী জাহাজগুলোকে নোঙ্গর করার অনুমতি দেয়ার জন্য মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
