নগরীর বাকলিয়ায় বাড়ির মালিককে ফাঁসাতে গিয়ে প্রতিবেশীর শিশুকে পানির ট্যাংকে ফেলে হত্যা করেছে এক নারী।
এ ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে ওই ভবনের ভাড়াটিয়া নাজমা বেগমকে (৪০) মঙ্গলবার নগরীর পাথরঘাটার মনোহরখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে বাকলিয়ার ম্যাচ ফ্যাক্টরী এলাকায় নুরুল আলম মিয়ার বিল্ডিং এর ভাড়া বাসায় থাকে।
পুলিশ জানায়, গত ৭ জুন বাকলিয়ার নুরুল আলম মিয়ার ভবনের ভাড়াটিয়া আব্দুল কাইয়ুমের ছেলে আরাফ (২) বাসার নিচে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপর রাতেই ওই ভবনের ছাদে পানির ট্যাংক থেকে আরাফের লাশ উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, মঙ্গলবার নাজমাকে গ্রেপ্তার করলে সে জানায় গত দুই বছর ধরে তার স্বামী, তিন মেয়ে ও দুই ছেলেকে নিয়ে নুরুল হকের বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। তার স্বামীর অসুস্থতার চিকিৎসা করাতে গিয়ে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে। বাড়ির মালিকের ভবনে তার এক ছেলে দারোয়ানের চাকরিও করে কিন্তু বাসা ভাড়া দিতে না পারায় মালিক বেতনও দিচ্ছিল না ছেলের।
তিনি আরও জানান, বাড়ির মালিক নুরুল আলমের সাথে পাশের ভবনের মো. ফরিদের বিরোধ ছিল। এই জেরে ফরিদ নাজমাকে নুরুল হককে ফাঁসিয়ে দিতে প্ররোচনা দেয়। এজন্য তাকে ২০ হাজার টাকা দেয়ার কথা বলে এবং ঋণও পরিশোধ করবে জানায়। এর জেরে গত রবিবার ভবনের নিচে খেলতে থাকা প্রতিবেশীর শিশুপুত্র আরাফকে কোলে নিয়ে ছাদে উঠে যায় এবং পানির ট্যাংকের ভেতরে ফেলে দেয়।
ওসি নেজাম বলেন, গ্রেপ্তার নাজমা জানিয়েছে টাকার লোভে বাড়ি মালিককে ফাঁসাতেই এই কাজ করেছে।
