ঈশ্বরদীতে রাস্তা বন্ধ করছে গুদাম কর্তৃপক্ষ, ক্ষোভ

আপডেট : ১০ জুন ২০২০, ০৭:১৯ এএম

ঈশ্বরদীর মুলাডুলি সিএসডি গোডাউনের ভেতর দিয়ে চলাচলকারী শত বছরের পুরাতন সড়কটিতে দেয়াল তুলে আকস্মিকভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে গোডাউন কর্তৃপক্ষ। গত সোমবার সড়কটি বন্ধ না করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পাবনা জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দরখাস্ত দেন সড়ক ব্যবহারকারীরা।

গত শুক্রবার সকালে মুলাডুলি সি.এস.ডি’র ব্যবস্থাপক লোকজন (লেবার) লাগিয়ে গোডাউন সড়কের পূর্বদিকে দেয়াল তুলে সড়কটি বন্ধ করার চেষ্টা করেন। খবর পেয়ে এলাকার শত শত মানুষ সেখানে উপস্থিত হয়ে বাধা দিলে শেষ পর্যন্ত কাজ বন্ধ রাখে গোডাউন কর্তৃপক্ষ।

লিখিত অভিযোগকারী কৃষক নেতা আমিনুর রহমান বাবু জানান, মুলাডুলি সি.এস.ডি গোডাউনের দক্ষিণ পাশের পাবনা জেলা পরিষদের সড়কটি দিয়ে ঈশ্বরদী ও পার্শ্ববর্তী আটঘড়িয়া উপজেলার হাজারও মানুষ চলাচল করে। এই পাকা সড়কটি দিয়ে মূলাডুলি সবজি আড়তে অসংখ্য ট্রাক লাখ লাখ টাকার বিভিন্ন সবজি আটঘড়িয়ার খিদিরপুর, মাজপাড়া, দরগা বাজার, গোয়ালবাথানসহ ওই এলাকার কৃষকরা পরিবহন করে থাকেন। মৎস্যচাষিরা প্রতিদিন খুব সকালে শত শত গাড়িতে করে মুলাডুলি ও রাজাপুর আড়তে মাছ নিয়ে আসেন। এছাড়াও শত শত শিক্ষার্থী ওই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। স্থানীয়রা জানান, সড়কটি বন্ধ করে দিলে প্রায় লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়বেন।

এলাকাবাসী অভিযোগ করেন, কর্তৃপক্ষ গোডাউনের দক্ষিণ পাশে একটি সরু রাস্তা নির্মাণ করে দিয়েছে। যেখান দিয়ে শুধুমাত্র ভ্যান চলবে এবং মানুষ হেঁটে চলাচল করতে পারবে। কোনো মালবাহী ট্রাক চলাচল করতে পারবে না। এতে চরম হুমকির মুখে পড়বে কৃষি, কৃষকসহ গ্রামীণ অর্থনীতি।

মুলাডুলি সি.এস.ডি’র ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, খাদ্য গুদামটি কেপিআইভুক্ত এলাকা। সন্ধ্যার পর রাস্তাটির উন্মুক্তের কারণে সেখানে মাদকাসক্তদের আড্ডা বসে। নানা ধরনের অঘটনও ঘটেছে সেখানে। তাই খাদ্য গুদামের নিরাপত্তার স্বার্থে রাস্তাটি বন্ধ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত