ছবি থেকে ব্যক্তির যাবতীয় তথ্য জানার প্রযুক্তি ফেসিয়াল রিকগনিশন নিয়ে আর কোনো ধরনের গবেষণা কিংবা সফটওয়্যার ডেভেলপ না করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা আইবিএম। আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ মার্কিন কংগ্রেসের কাছে পাঠানো চিঠিতে জানিয়েছেন, সরকারি কোনো উদ্দেশ সাধনের জন্যও তারা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিয়ে কাজ করবেন না। ‘আইবিএম দৃঢ়ভাবে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির বিরোধিতা করছে, একই সঙ্গে নজরদারি, জাতিগত প্রোফাইলিং এবং যে প্রযুক্তির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হয়, এমন বিষয়গুলো বন্ধ করবে,’ কৃষ্ণ চিঠিতে লিখেছেন, ‘এই প্রযুক্তি স্থানীয় প্রশাসন কীভাবে ব্যবহার করবে তা নিয়ে এখনই জাতীয়ভাবে আলোচনা করা উচিত বলে আমরা বিশ্বাস করি।’
ফেসিয়াল রিকগনিশন হচ্ছে একটি বায়োমেট্রিক পদ্ধতি। চেহারার মাধ্যমে মানুষকে শনাক্ত করতে মূলত এটি কাজ করে। এর কর্মপদ্ধতি বোঝার জন্য ফেইসবুকের উদাহরণ দেওয়া যেতে পারে। আপনার বন্ধু তালিকার বাইরে থেকেও কেউ যদি আপনার ছবি পোস্ট দেয়, তাহলে আপনার কাছে একটি নোটিফিকেশন আসে। ছবিতে আপনার মুখের ওপর একটি বক্স আঁকা থাকে। ফেইসবুকের কেন্দ্রীয় সার্ভারে আপনার সব ছবি সংরক্ষিত থাকে। ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ বা
কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ টুল ব্যবহার করে আপনার চেহারা বিশ্লেষণ করে বিভিন্ন ডেটা রেখে দিয়েছে ফেইসবুক। যেখানেই আপনার ছবি আসুক না কেন, তারা সেটি ধরতে পারে। এসব তারা করে নিজেদের ব্যবসায়িক স্বার্থে। এখন বিভিন্ন দেশের সরকার রাস্তায় রাস্তায় ফেসিয়াল রিকগনিশনে সক্ষম ক্যামেরা বসাচ্ছে। তাতে মানুষের প্রাইভেসি নষ্ট হচ্ছে বলে অভিযোগ আছে।
