নরসিংদীতে শিশুসহ আরও ২১ জনের করোনা শনাক্ত

আপডেট : ১০ জুন ২০২০, ০২:৪৬ পিএম

নরসিংদীতে ১২ বছরের এক শিশুসহ নতুন করে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৬০ জন। মারা গেছেন ১৩ জন।

বুধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে ১১৮ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়।

মঙ্গলবার রাতে সেসব নমুনার মধ্যে নতুন আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে ১৫ জন নরসিংদী সদর উপজেলার ও শিবপুর উপজেলার ৬ জন। এদের মধ্যে ১৭ জন পুরুষ, ৩ জন মহিলা ও একজন শিশু।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, বুধবার পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ৪৯৮৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৩১৮ জনের রেজাল্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ৮৬০ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।

জেলায় সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ৫৯৯ জন, রায়পুরাতে ৬১ জন, শিবপুরে ৬৬ জন, বেলাবোতে ৫০ জন, পলাশে ৫৮ জন ও মনোহরদীতে ২৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ২৫৯ জন, আক্রান্ত ৪২ জন হাসপাতালে আইসোলেশনে আছেন, আর ৫৪৬ জন আইসোলেশনে আছেন বাড়িতে।

আর এখন পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ১৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত