এ বছর আর কোর্টে নামবেন না ফেদেরার

আপডেট : ১০ জুন ২০২০, ০৫:৫৭ পিএম

করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে টেনিস কবে কোর্টে ফিরে তা আপাতত বলা মুশকিল। তবে যখনই ফিরুক, চলতি মৌসুমে আর কোর্টে নামা হচ্ছে না রজার ফেদেরারের। চোটের কারণে টেনিস কোর্ট থেকে এই বছর দূরে থাকতে হবে তাকে। নিজেই এই সিদ্ধান্ত জানিয়েছেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস তারকা।

ডান হাঁটুর চোটে নিয়ে দীর্ঘ দিন ধরে ভুগছেন ফেদেরার। একাধিকবার চিকিৎসা ও অপারেশনও করিয়েছেন। কিন্তু পুরোপুরি সারেনি সমস্যা। চিকিৎসা যথাযথ না হওয়ায় দ্রুত আরেকবার অস্ত্রোপচার করাতে হয় তাকে। সে কারণেই খেলার মতো পরিস্থিতিতে নেই তিনি। তাই আপাতত চলতি বছরে আর কোর্টে না নামার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ২০১৭ পর্যন্ত যেভাবে পরিকল্পনা করেছিলেন নিজের ক্যারিয়ার নিয়ে, ঠিক সেভাবেই সম্পূর্ণ সুস্থ হয়ে কোর্টে ফিরতে চান তিনি।

টুইটারে ফেদেরার লিখেছেন, ‘প্রিয় অনুরাগীরা, আশা করি আপনারা নিরাপদে ও সুস্থ আছেন। কয়েক সপ্তাহ আগে আমার প্রাথমিক রিহ্যাব ধাক্কা খায়। ডান হাঁটুতে দ্রুত অর্থোপেডিক অস্ত্রোপচার করাতে হয়। এখন ঠিক যেভাবে ২০১৭ মৌসুমের আগে পর্যন্ত পরিকল্পনা করেছিলাম, ঠিক সেভাবেই সর্বোচ্চ মঞ্চে খেলতে নামার আগে নিজেকে এক শ শতাংশ সুস্থ করে তোলার জন্য প্রয়োজনীয় সময় দিতে চাই। আমি আমার অনুরাগীদের এবং ট্যুর ভীষণভাবে মিস করব। তবে আশা করি ২০২১ মৌসুমের শুরুতেই আবার ট্যুরে সবাইকে দেখতে পাব।’

গত ফেব্রুয়ারিতে ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ফেদেরারের। তবে করোনা মহামারির জন্য খেলা বন্ধ থাকায় কোনো বড় টুর্নামেন্ট হাতছাড়া করতে হয়নি তাকে। উইম্বলডন বাতিল হওয়ায় আশা করা হচ্ছিল ফরাসি ওপেন বা ইউএস ওপেনে খেলতে নামবেন।

বর্তমান পরিস্থিতিতে যদি শেষ পর্যন্ত এই দুটি মেজর টুর্নামেন্ট আয়োজিত হয়, তবে তা কোর্টের বাইরে বসেই দেখতে হবে ফেদেরারকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত