ডেমরায় ৩৩.১১ একর জমিতে নির্মিত হচ্ছে পুলিশ লাইনস, আবাসিক ভবন ও ব্যারাক।
ডিএমপি নিউজ সূত্রে জানা যায়, বুধবার বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহম্মেদ বিপিএম (বার) ডেমরার রাজাখালীতে ডিএমপি-সহ পুলিশের পাঁচটি ইউনিটের জন্য আবাসন ও পুলিশ লাইনস নির্মাণ কাজের মাস্টারপ্ল্যান পরিদর্শন করেছেন।
আইজিপি সরেজমিনে কায়েতপাড়া মৌজার ওপর নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন শেষে কিছু নির্দেশনাও দেন।
এখানে মোট ৩৩.১১ একর জমির মধ্যে ডিএমপির জন্য বরাদ্দকৃত জমির পরিমাণ ৮.৯ একর। এই জমিতে ডিএমপির জন্য একটি পুলিশ লাইনস, বহুতল আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে।
আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) নদী তীরের সৌন্দর্য্য বর্ধনসহ ফোর্সের জন্য ডিপার্টমেন্টাল স্টোর, উন্নতমানের কেন্টিন নির্মাণসহ টেকসই স্থাপনা নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)-সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
